দলিত বলে রাখা হলো শৌচাগারের কোয়ারেন্টাইনে!

আপডেট : ০৫ মে ২০২০, ১১:০৩ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) কেবল বিশ্বজুড়ে আতঙ্কই ছড়ায়নি, খুলে দিয়েছে কথিত আধুনিক সভ্যতার মুখোশও। মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে সেই শিক্ষাও দিয়ে যাচ্ছে করোনা।

ভারতের মধ্যপ্রদেশে কেবল দলিত সম্প্রদায়ের হওয়ায় একটি পরিবারকে শৌচাগারের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এই সময় জানায়, মধ্যপ্রদেশের গুনায় একটি শৌচাগারে রাখা হয় ওই দলিত পরিবারকে। এ নিয়ে ইতোমধ্যে কংগ্রেস-বিজেপির মধ্যে কথার লড়াই শুরু হয়ে গেছে।

জানা গেছে, শনিবার রাজঘড় থেকে পরিবারটি গুনায় ফেরে। এরপরই দেবীপুরা গ্রামে নিজেদের বাড়িতে ফিরতে গেলে তাদের বাধা দেয় স্থানীয়রা। স্বাস্থ্যপরীক্ষা ছাড়া গ্রামে ফেরা যাবে না বলে জানানো হয় তাদের।

একটি স্কুলে পরিবারটি রাখার ব্যবস্থা করে প্রশাসন। পরদিন স্বাস্থ্যকর্মীরা গিয়ে দেখতে পান, স্কুলের শৌচাগারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে পরিবারটিকে। সেখানে বসেই তারা খাওয়া-দাওয়া করছেন।

ঘটনার পর পরই মুখ খোলেন কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ। তার অভিযোগের তীর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দিকে।

কমল নাথ বলেন, ‘এই হল সিন্ধিয়া গড়ের সার্বিক দৃশ্য। স্কুলের শৌচাগারে দলিত পরিবারকে কোয়ারেন্টাইন! এই অমানবিক কাজ তারাই করেছেন, যারা আমাদের কাজের ভুল ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করার হুমকি দিতেন। মানুষের কাছে তারা আজ ধরা পড়ে যাচ্ছেন।’

উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রদেশের গুনার এই আসন থেকেই জয় লাভ করে আসছিলেন।

যদিও, স্থানীয় প্রশাসন দলিত পরিবারটিকে শৌচাগারে রাখার বিষয়টি অস্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত