কারাগারে করোনা আতঙ্কে সৌদি প্রিন্সেস

আপডেট : ০৫ মে ২০২০, ০২:০০ পিএম

কারাগারে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। তার মেয়েও একইসঙ্গে বন্দী আছেন কারাগারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, কোনো ধরনের অভিযোগ ছাড়াই মেয়েসহ এক বছর ধরে কারাগারে বন্দী আছেন ৫৬ বছর বয়সী  প্রিন্সেস বাসমাহ।  কারামুক্তির জন্য তিনি আবেদন জানালেও এতে সাড়া দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

গত বছরের মার্চে রহস্যজনকভাবে 'অদৃশ্য' হয়ে যান প্রিন্সেস বাসমাহ। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি তার বিষয়ে কিছু জানা যায় না। সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্সেস বাসমাহ নারী অধিকার ও সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দেখা হয়।

গত মাসে এক টুইটে প্রিন্সেস বাসমাহ দাবি করেন, তাকে অপহরণের পর কোনো অভিযোগ ছাড়াই কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার সঙ্গে নিজের ২৮ বছর বয়সী মেয়েও রয়েছে। 

তিনি আরও জানান, তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় তিনি মারাও যেতে পারেন। তাই তিনি সৌদির বাদশাহ ও যুবরাজের কাছে মুক্তির আবেদন জানান।

প্রিন্সেস বাসমাহর ওই টুইট পরে মুছে ফেলা হয়। তবে মা-মেয়ে দুইজনকে কারাবন্দী করে রাখা হয়েছে কি না, সে বিষয়ে সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

জানা যায়, প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে রিয়াদের আল-হাইর কারাগারে বন্দী আছেন। এর মধ্যে ওই কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কায় আছেন বলে পরিবার জানিয়েছ।

তবে এই বিষয়ে সৌদির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত