ঝালকাঠির রাজাপুরে বিষ দিয়ে খালে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর পুখুরিজনা মানকি সুন্দর খালে ভ্রাম্যমান আদালত পরিচালনা বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মো. চান খলিফার ছেলে মাসুম খলিফা ও চাঁদপুরা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে জসিম বেপারী।
জানা গেছে, উপজেলার পুখুরিজনা মানকি সুন্দর খালে বিষ দিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাসুম খলিফা ও জসিম বেপারীকে খালে বিষ দেওয়ার প্রস্তুতিকালে দুই বোতল কীটনাশক, একটি মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছিল।
আটক দুই জেলেকে মৎস আইনের ১৯৫০ এর ২০০২/৩ (৩) ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
