মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। হত্যার শিকার আলমগীর হোসেন ট্রাক্টর চালিয়ে জিবিকা নির্বাহ করতেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে।
আটক রুবেল সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আলমগীর হোসেন হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাধা প্রদান করতো। এতে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা আসলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
