জার্মানিতে করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তবে, দেশটিতে করোনা সংক্রমণ রোধে আরোপ করা কিছু নিয়ম শিথিল করা হলেও কড়াকড়ির মেয়াদ ৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার ভিডিও কনফারেন্সে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসব সিদ্ধান্ত নেন।
ভিডিও কনফারেন্সে আঙ্গেলা ম্যার্কেল বলেন, করোনা মহামারির প্রথম পর্যায় শেষ হয়ে গেছে। জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের আচরণের ওপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে।
ম্যার্কেল আরও বলেন, জার্মানির ফেডারেল কাঠামোর কারণে প্রত্যেক রাজ্য নিজস্ব পথ বেছে নিলেও সামাজিক ব্যবধানের মতো মৌলিক প্রশ্নে দেশ জুড়ে একই নীতি বজায় থাকবে।
দেশটিতে বিধিনিয়ম শিথিল হবার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তবে স্থানীয় বা আঞ্চলিক স্তরে সংক্রমণ আচমকা বেড়ে গেলে সেই এলাকার জন্য কড়াকড়ি আবার চালু করার ব্যবস্থা থাকবে।
সংক্রমণের হার কমে যাওয়ায় এবার অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে। দোকানবাজার খোলার ক্ষেত্রেও প্রাথমিক বাধানিষেধ তুলে নেওয়া হচ্ছে। কিন্ডারগার্টেন খোলার প্রশ্নেও কিছু মৌলিক বিধিনিয়ম স্থির করে দিয়েছেন ম্যার্কেল ও মুখ্যমন্ত্রীরা, তার ভিত্তিতে রাজ্য গুলি নিজস্ব সিদ্ধান্ত নেবে। জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা-ও মে মাসে সীমিত আকারে চালু হবে।
সূত্র: ডয়েচে ভেলে।
