নবাবগঞ্জে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৩৯ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাহ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা তাঁতি লীগের সহসভাপতি জয়নাল আবেদীনকে (৫২) পিটিয়ে আহত করেছে স্থানীয় তুহিন ও তুষার নামে দুই ভাইসহ আরও চার-পাঁচজন। গতকাল বুধবার দুপুরে বলমন্তচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। আহত জয়নাল উপজেলার বলমন্তচর গ্রামের বাসিন্দা।

জয়নাল আবেদীন অভিযোগ করেন, তিনি বাড়ি থেকে বাগমারা বাজারের উদ্দেশে বের হয়ে বলমন্তচর ব্রিজের ঢালে পৌঁছলে তার সঙ্গে স্থানীয় ভ্যানচালক ফালানের ত্রাণ বিতরণ নিয়ে বাগ্বিত-া হয়। এ সময় ফালানের সঙ্গে করিমও ছিলেন। পরে বাজার থেকে ফেরার পথে ব্রিজের ঢালে করিম ও তার দুই ছেলে তুহিন ও তুষারসহ আরও কয়েকজন তার ওপর হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে ইট দিয়ে আঘাত করা হলে জয়নাল গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত