বাগেরহাটে ঝড়ে গাছচাপা পড়ে ছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৩৯ এএম

বাগেরহাটের চিতলমারীতে ঝড়ে গাছচাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় বসতঘরের ওপর গাছচাপা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়।

ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধাপাকা অন্তত ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।   মারা যাওয়া ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মারুফুল আলম জানান, ঝড়ো বাতাসে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের ঘরের ওপর পড়ে। ওই ঘরে থাকা ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা-মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত