কুমিল্লায় অস্ত্র-মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ মে ২০২০, ১০:২৫ এএম

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে আরিফ বিহারী (৩৬) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

উপজেলার সীমান্তবর্তী মল্লিকাদিঘী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

এ সময় র‌্যাব সদস্যরা আটক আরিফ বিহারীর কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত একনালা এলজি বন্দুক, ৩টি কাঠের ফ্রেমযুক্ত লোহার তৈরি পিস্তল, ২৬ রাউন্ড পিস্তলের বুলেট, ৬টি কার্তুজ, ৯টি লোহার তৈরি খালি ম্যাগজিন, ৯৩৫ পিস ইয়াবা ও একটি ইয়ামাহা (ফেজার) লাল রংয়ের মোটরসাইকেল উদ্ধার করে।

আটক আরিফ বিহারী ওরফে মো. আরিফ হোসেন ওরফে জুবায়ের হোসেন আরিফ একাধিক নামে পরিচিত। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার মোল্লাপাড়া (কদমতলা) বারান্দীপাড়া এলাকার মো. আওয়াল মিস্ত্রির ছেলে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ (নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ পূর্বাচল ক্যাম্প), সিপিসি-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী আব্দুস ছালাম গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের মল্লিাকাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় শশীদল ইউনিয়ন ভূমি অফিসের সংলগ্ন কুমিল্লা-বাগড়া সড়কের উপর থেকে আরিফ বিহারীকে আটক করে র‌্যাব সদস্যরা।

পরে র‌্যাব-১ সিপিসি-৩ এর পুলিশ পরিদর্শক কাজী আব্দুস ছালাম বাদী হয়ে একইদিন সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক আরিফ বিহারীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, আরিফ বিহারীকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত