মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীসহ দুইজন আক্রান্ত

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৩৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতাকর্মীসহ নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতে।

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত সোমবার ওই দুজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। মঙ্গলবার সংগৃহীত নমুনা ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।

বৃহস্পতিবার তাদের করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতাকর্মী এবং অপরজন হলেন নির্মাণশ্রমিক। নির্মাণ শ্রমিকের বাড়ি লালমনিরহাট। তিনি গোড়াই নাজিরপাড়া তোফাজ্জলের ভাড়া বাসায় থেকে কাজ করেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নির্মাণশ্রমিকের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ২৭৭ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে করোন শনাক্ত হল সাতজনের। আক্রান্ত সাতজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেণ, একজন বাড়িতে আইসোলেশনে এবং অপরজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত দুজনকেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি লকডাউন করা হয়েছে। নির্মাণ শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত