করোনায় ফারইস্ট ইন্টা. ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৪১ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী।

বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন আল আজাদ জানান, অধ্যাপক নাজমুল গতরাত সাড়ে ১২টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৫ মে তিনি হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ জানায়, সকালে আইইডিসিআরের দেওয়া প্রতিবেদনে অধ্যাপক নাজমুলের করোনা পজিটিভ এসেছে।

অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।এরপর ১৮ মার্চ করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৭১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত