দিনাজপুরের পার্বতীপুরে প্রথম করোনাভাইরাস শনাক্ত মানিক শাহ (২৫) আজ বৃহস্পতিবার করোনামুক্তির ছাড়পত্র পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। মানিক শাহ দীর্ঘ ১৮ দিন পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লার নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে এখন করোনা মুক্ত।
বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়া তাকে করোনা মুক্তির ছাড়পত্র, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী।
গত ৯ এপ্রিল পার্বতীপুর পৌরসভার নামাপড়া মহল্লার মানিক শাহ (২৫) নারায়ণগঞ্জ ফেরত প্রথম করোনা শনাক্ত হয়। এ সময় আশপাশের ২০ বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বড় বৃত্তিপাড়ায় আক্রান্তের পরিবারসহ আশপাশের ১০ বাড়ি লকডাউনে থাকা বাড়ীগুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী।
উল্লেখ্য, গত ২ মে সৈয়দপুর শহরের একটি বে-সরকারি ব্যাংকে কর্মরত পার্বতীপুরের আমিরুল ইসলাম করোনা পজিটিভ শনাক্ত হন। এরপরপরই উপজেলার রামপুর ইউনিয়নের বড় বৃত্তিপাড়ায় আক্রান্তের পরিবারসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
বর্তমানে ওই এলাকায় লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যরা- জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
