দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) অন্যতম হটস্পট নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে মুন্সীগঞ্জবাসীর পক্ষে এ আবেদন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল।
আবেদনটি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক রজতরেখার সম্পাদক মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহীন প্রমুখ।
মাহতাব কল্লোল বলেন, করোনার ‘এপি সেন্টার’ নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা হচ্ছে মুন্সীগঞ্জ। প্রতিদিনই এ জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ অবস্থায় পুরো জেলা করোনা ঝুঁকিতে রয়েছে। তাই শিগগিরই এ জেলায় করোনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে উঠেছে।
