অভয়নগরে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

আপডেট : ০৮ মে ২০২০, ০১:৩৩ এএম

যশোরের অভয়নগরে মারুফ মোল্লা (২৬) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ তিনি মারা পড়েন বলে পুলিশ জানিয়েছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম রাতে জানান, নিহত মারুফ নওয়াপাড়া শহরের বুইকরা ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার ছেলে। সম্প্রতি তিনি মাদকের কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন বলে শোনা যাচ্ছে।

‘আমি যতটা শুনেছি, র‌্যাব-৬ খুলনার একটি টিম এসেছিল। পরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন,’ বলেন ওসি তাজুল।

ওসি আরও জানান, খবর পেয়ে অভয়নগর থানার একটি টিম ইফতারির পর বিলের মধ্যের রাস্তা থেকে মারুফের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

থানার এসআই আতাউর রহমান বলছেন, নিহত যুবকের বুকের নিচ ও ঘাড়ে দুই রাউন্ড গুলি ঢুকেছে।

র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ফিরোজ জানিয়েছেন, অভয়নগরের ওই স্থানে মাদকের ডিলিংস হচ্ছে বলে জানতে পেরে তাদের একটি টিম সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা জবাব দিলে একজন গুলিবিদ্ধ হয়; অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে দাবি করে র‌্যাব অধিনায়ক বলেন, ঘটনার সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জানান, সন্ধ্যার পর মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে পুলিশ। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত