মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আফ্রিকা মহাদেশে প্রথম বছরেই আক্রান্ত হতে পারে ২ কোটি ৯০ লাখ থেকে ৪ কোটি ৪০ লাখের মতো মানুষ। মৃত্যু হতে পারে ৮৩ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার আঞ্চলিক কার্যালয়ের একটি অনুমানভিত্তিক মডেলের মাধ্যমে পেয়েছে এই তথ্য।
মডেলটির ওপর ভিত্তি করে মহাদেশটির ৪৭টি দেশের ওপর করা হয়েছে গবেষণা। মডেলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের ধীর গতি, গুরুতর রোগে আক্রান্ত কম বয়সী মানুষ এবং কম মৃত্যুর হার পর্যবেক্ষণ করা হয়েছে।
সংক্রমণের হার কম হলেও আগামী কয়েক বছরের মধ্যে আরও দীর্ঘতর প্রাদুর্ভাবের আশঙ্কা প্রকাশ করে গবেষণায় বলা হয়, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া না হলে আফ্রিকার আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ক্যামেরুনের মতো দেশগুলো ঝুঁকির মধ্যে পড়বে।
