ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ১৫ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে রেললাইনে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা। পুলিশের ধারণা, লকডাউনের কারণে ট্রেন চলছে না ভেবে রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা।
ওই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন পাঁচ শ্রমিক। তাদের একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর চারজন ট্রমায় ভুগছেন। তাদের পুলিশ কাউন্সেলিং করছে বলে জানিয়েছে এনডিটিভি। লকডাউনে দীর্ঘদিন আটকে থাকার পর ওই শ্রমিকরা রেললাইন ধরে হেঁটে মধ্যপ্রদেশে তাদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন।
রেল মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়েছে, ‘শুক্রবার ভোরে রেললাইনে কিছু শ্রমিক দেখে মালগাড়ির চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানী-মনমাদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। যারা মারা গেছেন তারা ছাড়াও আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ দক্ষিণ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রেল সুরক্ষা বাহিনী এবং পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
