চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঢাকা থেকে ছুটিতে আসা ধীমান বড়ুয়া (২৬) নামে এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার আধুনগর মছদিয়া বড়ুয়া পাড়ায়।
গত বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ। তিনি ঢাকার কর্মস্থল রাজারবাগ পুলিশ লাইনস থেকে কিছুদিন আগে লোহাগাড়ায় নিজ গ্রামে ফেরেন।
মো. হানিফ জানান, বাড়িতে আসার পর তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হলে তার নমুনা আমরা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠাই। সেখানে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে লোহাগাড়ায় চারজন করোনা রোগী আছেন।
লোহাগাড়ার ইউএনও তৌছিফ আহমেদ জানান, চিকিৎসার পাশাপাশি আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করা হবে।
