নারায়ণগঞ্জে আরও এক এলাকায় বিস্ফোরণ, আহত ১

আপডেট : ১০ মে ২০২০, ০১:১০ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ৩৬ ঘণ্টা পর আরও এক এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার ভোরে পার্শ্ববর্তী রাবেয়া মঞ্জিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু নিহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে ওই এলাকায় গ্যাসের পাইপ থেকে বিস্ফোরণের ঘটনায় মাসুম নামে একজন প্রহরী আহত হয়েছেন। তাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সিদ্দিকী দেশ রূপান্তরকে জানান, ওই এলাকার ড্রেন লাইনের সাথে গ্যাসের সংযোগ স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রায় সময়ই গ্যাস লিকেজ করে থাকে। এদিনও গ্যাসের পাইপ লিকেজ করে গ্যাস বের হচ্ছিল। এ অবস্থায় সিকিউরিটি গার্ড মাসুম সেই গ্যাস বন্ধ করার জন্য গ্যাসের পাইপের মুখে একটি বোতল দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে সেখানে বিস্ফোরণ হয়ে স্লাভ চূর্ণ হয়ে মাসুম ড্রেনে পড়ে যান। এ সময় শুক্রবার ক্ষতিগ্রস্ত রাবেয়া মঞ্জিলের পাশের বাড়ির একটি অংশ এই বিস্ফোরণে ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র দাস বলেন, এখানে ড্রেন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির কিছু অংশ ধসে যায়। এ ঘটনায় একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এখানে যে ড্রেন নির্মাণ করা হয়েছে এর সাথে তিতাসের গ্যাসের সংযোগ মিশে আছে। ড্রেনজুড়েই গ্যাসের দুর্গন্ধ পাওয়া যায়। ফলে ধারণা করা হচ্ছে, এখনই যদি এই ত্রুটিগুলো সমাধানে উদ্যোগ নেওয়া না যায় তবে, সামনে আরও ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত