জয়পুরহাটে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আইসোলেশন থাকা চার করোনা রোগী। রবিবার দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
আক্কেলপুরের গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ইউনিট চত্বরে স্বাস্থ্য বিভাগ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি-এর পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়াল, গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা. রাফসান জানি, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আইসোলেশন সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের দুই সবজি ব্যবসায়ীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও ২০ এপ্রিল পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকার নারায়ণগঞ্জ ফেরত একটি বায়িং হাউজে কর্মরত ৩৩ বছরের এক যুবকের কোন উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ শনাক্ত হয়। ২১ এপ্রিল একই উপজেলার পূর্ব কড়িয়া বটতলী এলাকার নারায়নগঞ্জ ফেরত ৪৩ বছরের এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এদের সবাইকে গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ইউনিট কেন্দ্রে রাখা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে তারা সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, তারা সুস্থ হওয়ায় চার জনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। প্রথম নমুনা পরীক্ষায় চারজনের পজিটিভ এসেছিল। তাই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল। পরে দুই দফায় নমুনা পরীক্ষায় তাদের নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
