ভারত-চীন সীমান্তে উত্তেজনা, দুই পক্ষে হাতাহাতি-ঘুষাঘুষি

আপডেট : ১০ মে ২০২০, ০৯:৪৬ পিএম

সিকিমে ভারত-চীন সীমান্তে উত্তেজনা দেখা দিল দুই দেশের মধ্যে। শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী। হাতাহাতি এবং ঘুষাঘুষিতে দু’পক্ষের বেশ কয়েক জন আহতও হন। তবে সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারেনি। দুইপক্ষই পিছিয়ে আসে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতীয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। তারা জানান, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ সেনার মধ্যে সংঘর্ষ বাধে। তাতে চার ভারতীয় সেনা এবং চীনের সাত সেনা আহত হন। 

এদিকে বিষয়টি নিয়ে ভারতের সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হলেও, এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেওয়া হয়। নাকুলায় এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে জানান সেনাবাহিনীর সাবেক এক সেনাকর্তা।

তবে সীমান্তে ভারত ও চীনের মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই পক্ষের সেনারা। সেবার ঘুষাঘুষির পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়াছুড়িও হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত