পঞ্চগড় কারাগারে আরও এক হাজতির করোনা পজিটিভ

আপডেট : ১১ মে ২০২০, ০৮:৫৮ এএম

পঞ্চগড় জেলা কারাগারের আরও এক হাজতির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কারাগারের দুজন আসামির করোনা শনাক্ত হল।

গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার (৭ মে) কারাগারের ৫২ জন বন্দীসহ ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান রবিবার রাতে জানান, কারাগারের ৫৫ জনের মধ্যে ২৬ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। তাতে ১ জনের ফলাফল পজিটিভ এসেছে। সুস্থ বোধ করায় তাকে কারাগারেই আইসোলেশনে রেখে চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে। একইসাথে সতর্কতামূলক নানা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।

তিনি জানান, রবিবার কারাগারের ওই ব্যক্তি ছাড়াও দেবীগঞ্জ উপজেলার আরও এক ব্যক্তির (৩১) নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হল। ইতোমধ্যে করোনা শনাক্ত তেঁতুলিয়ার চারজন সর্বশেষ পরীক্ষায় করোনা মুক্ত হয়েছেন।

কারাগারের জেলার শফিকুল আলম বলেন, আজকে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তি একজন হাজতি আসামি। তিনি গত ৩ মার্চ থেকে চুরির মামলায় কারাগারে আছেন। তিনি প্রথম করোনা শনাক্ত হওয়া হাজতির সঙ্গে একই ওয়ার্ডে ছিলেন।

তিনি জানান, আজকে শনাক্ত হওয়া হাজতি অনেকটাই সুস্থ আছেন। তার মধ্যে আগে থেকে বা এখনও করোনার কোনো উপসর্গ নেই। তবে, চিকিৎসকের পরামর্শে সতর্কতামূলক সব ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত প্রথম হাজতি গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পঞ্চগড় কারাগারে আসেন। এর মধ্যে একবার তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আগে থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল। ১ মে রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে পঞ্চগড় সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত