বুধবার থেকে লকডাউন শিথিল হচ্ছে ইংল্যান্ডে

আপডেট : ১১ মে ২০২০, ১১:১৬ এএম

‘সতর্ক থাকো’ স্লোগান নিয়ে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার টেলিভিশনে দেয়া ভাষণে জানিয়েছেন, বুধবার থেকে সাধারণ মানুষ আরও বেশি সময় ঘরের বাইরে থাকতে পারবেন।

বরিস এদিন জানান, তিন ধাপে তারা লকডাউন পুরোপুরি তুলে দেবেন। তার আগে ‘প্রথম রূপরেখায়’ বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন।

বরিসের ভাষণের পর বিরোধীদলের নেতারা আবার সমালোচনা শুরু করেছেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশনা বিভ্রান্তিকর। কীভাবে, কোথায়, কতক্ষণ চলাফেরা করা যাবে তার কিছুই স্পষ্ট নয় বলে দাবি তাদের।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার সংসদে এমপিদের প্রশ্নের উত্তরে বরিস সরকারের পরিকল্পনার আরও বিস্তারিত জানাবেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ইংল্যান্ডে ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৮৫৫ জন।

এমন পরিস্থিতির ভেতর বরিস জানালেন, কলকারখানার মতো প্রতিষ্ঠানে কাজ করা যেসব কর্মী ‘হোম-অফিসের’ সুযোগ পাচ্ছেন না, তারা সোমবার থেকেই কাজে যোগ দিতে পারবেন। কিন্তু গণপরিবহন এড়িয়ে চলতে হবে।

প্রথম ধাপে সাধারণ মানুষকে অনির্দিষ্ট সময়ের জন্য বাইরে ব্যায়ামের অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে বুধবার থেকে পার্কে ঘোরাফেরার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে খেলাধুলা করা যাবে।

দুই পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য পার্কে দেখা করতে পারবেন, যদি তারা দুই মিটার দূরত্ব বজায় রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত