ভারতে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন

আপডেট : ১১ মে ২০২০, ১০:৩০ পিএম

প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রেলওয়ে। দেশটিতে লকডাউন শেষ হওয়ার পাঁচ দিন আগেই আজ মঙ্গলবার থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। দেশটির রেলওয়ের এক বিবৃতির বরাতে এনডিটিভি বলছে, ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ থাকা যাত্রী পরিবহন ১৫টি ‘বিশেষ’ ট্রেনের মাধ্যমে শুরু করা হবে। দিল্লি থেকে আসাম, বাংলা, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাডু, তেলেঙ্গানা, ত্রিপুরারসহ ভারতের ১৫টি শহরের মধ্যে ১৫ জোড়া ট্রেন চলবে।

আগে থেকে কনফার্ম করা বৈধ টিকিটসহ শুধু যাত্রীরাই দিল্লি স্টেশনে প্রবেশ করতে পারবেন। সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করা হবে, কোনো রকম অসুস্থতার লক্ষণ না থাকলেই শুধু ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সর্বক্ষণ সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত