ভার্চুয়াল কোর্টে প্রথম রিট

হালদায় ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন

আপডেট : ১২ মে ২০২০, ০৬:১৩ এএম

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শুনানির জন্য রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ই-মেইলের মাধ্যমে বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে একমাত্র এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনটি করা হয়েছে বলে জানান তিনি। আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে মৎস্য ও পশুসম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগের পর এটিই প্রথম রিট আবেদন। ব্যারিস্টার আব্দুল কাইয়ুম দেশ রূপান্তরকে বলেন, ‘সংশ্লিষ্ট আদালতে রিট আবেদনটি করেছি। তবে শুনানির তারিখ এখনো পাইনি।’ 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লকডাউন আর শাটডাউন পৃথিবীর নানা অংশের বন্য প্রাণী ও নদী-সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের জন্য আশীর্বাদ হয়ে এলেও মানুষের নিষ্ঠুরতা থেকে মুক্তি পাচ্ছে না ডলফিন। অবৈধ জালের শিকার হচ্ছে মা মাছও। গত শনিবার হালদা থেকে উদ্ধার করা হয়েছে ইঞ্জিনবোটের আঘাতে রক্তাক্ত হওয়া ১৩ কেজি ওজনের একটি মা মাছ। গাঙ্গেয় এ ডলফিন দক্ষিণ এশিয়ার নদীগুলোতে একটি বিপন্ন প্রজাতি। প্রকৃতি সংরক্ষণের জোট ‘আইইউসিএন’ ডলফিনের এ প্রজাতিকে মহাবিপন্ন হিসেবে ২০১২ সালে লাল ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে। এ ছাড়া গত শুক্রবার সকালে রাউজানের উরকিরচর ইউনিয়নে হালদাসংলগ্ন এলাকায় একটি ডলফিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ডলফিনের চর্বি থেকে তৈরি তেলে নারীদের রোগমুক্তি ঘটে এমন কুসংস্কারে এই ডলফিনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের অভিমত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত