যশোরের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাড়াপোলে এ ঘটনা ঘটে।
নিহত বাবু হোসেন (৪০) সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা ছিলেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসনীম আহমেদ জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাড়াপোল কলাবাগানে বেশকিছু সন্ত্রাসী অবস্থান করছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সালাহউদ্দিন স্বপন জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এ সময় তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
