চুয়াডাঙ্গায় নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন আর মারা গেছেন একজন।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৬২টি নমুনার প্রতিবেদন আসে। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- জেলা হিসাবরক্ষণ অফিসের তিন কর্মী ও সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান দুজন।
সম্প্রতি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলে তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়া সদর হাসপাতালের দুইজন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হলে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
