কোয়ারেন্টিন থেকে পলাতে সাহায্য করায় ছাত্রলীগ কর্মীর জেল-জরিমানা

আপডেট : ১২ মে ২০২০, ১১:৩২ পিএম

বান্দরবানে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে একজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে এক ছাত্রলীগ সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাহমুদুর রহমান চৌধুরী মহিন নামের ওই ছাত্রলীগ সদস্যকে তিন মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালত সোমবার রাতে এই শাস্তি দিয়েছেন। ইউএনও এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ড. প্রত্যূষ পাল ত্রিপুরা বলেন, সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা মো. আবসার নামে একজন পালিয়েছেন। মহিন ছিলেন তার স্থানীয় অভিভাবক।

মহিন জেলা ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়ুয়া।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ বলেন, যে পালিয়েছে সে মহিনের বিকাশ কাস্টমার কেয়ারের একজন কর্মচারী। হাসপাতাল থেকে যদি কেউ পালায়, তাহলে সেটি হাসপাতাল প্রশাসনের ব্যর্থতা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত