লবণচাষিদের ৪% সুদে ঋণ দিতে বিসিকের অনুরোধ

আপডেট : ১৩ মে ২০২০, ০১:০৭ এএম

লবণচাষিদের সহজ শর্তে ৪ শতাংশ সুদে ঋণ দিতে কক্সবাজারের সাতটি ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

কক্সবাজারে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমানের মাধ্যমে সম্প্রতি এ চিঠি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিঠি দেওয়া ব্যাংকগুলো হলো কক্সবাজারে অবস্থিত সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক।

চিঠিতে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্প খাতের মতো লবণ শিল্প খাতও  ক্ষতির মুখোমুখি। লকডাউনের কারণে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লবণ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে প্রচুর লবণ উৎপাদন হলেও চাষিরা এর উপযুক্ত মূল্য পাচ্ছেন না।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের উপকূলীয় অঞ্চলের লবণচাষিদের সহজ শর্তে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।

এ নীতিমালা এবং করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট শিল্প খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী  ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় লবণচাষিদের ৪ শতাংশ সুদে রেয়াতি সুবিধায় ঋণ দিতে ব্যাংকগুলোর কক্সবাজার শাখার সহকারী মহাব্যবস্থাপকদের প্রতি বিসিকের পক্ষ  থেকে এই অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত