স্যানিটারি কারখানা থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২০, ০৭:৪২ পিএম

ঝালকাঠির পৌর এলাকায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে পৌর এলাকার কলেজ মোড়ের একটি স্যানিটারি কারখানার মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সকালে স্যানিটারি কারখানার মধ্যে খোলা জায়গায় এক নারীর রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। লাশের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয়েছে।

ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে এই নারীর মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নারীর পরিচয় এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত