ভৈরবে ১৫ মাস বয়সী শিশুর করোনা জয়

আপডেট : ১৩ মে ২০২০, ০৯:২৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু রোশনী সুস্থ্য হয়ে মায়ের বুকে ফিরে এসেছে।

মঙ্গলবার শিশুটির করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসলে তাকে বাড়ি পাঠানো হয়। শিশু কন্যাটি সুস্থ্য হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাবা-মাসহ স্বজনদের মাঝে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ জানান, শিশুটির মা জেসমিন আক্তার এবং বাবা মো. সেলিম মিয়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। শিশুটি আক্রান্ত হওয়ার আগে বাবা সেলিম মিয়া গত ১৯ এপ্রিল এবং মা ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

তাদের সংস্পর্শ এড়াতে শিশুটিকে সেলিম মিয়ার ভাতিজির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে শিশুটির করোনা টেস্ট করলে গত ৩০ এপ্রিল পজেটিভ রিপোর্ট আসলে স্বজনরা সবাই আতংকিত হয়ে পড়েন। ভাতিজির বাড়িতে হোম কোয়ারেন্টিনে রেখে তার চিকিৎসা চলতে থাকে।

গত ৪ মে বাবা-মা দুজনের নেগেটিভ রিপোর্ট আসলেও শিশুটিকে মায়ের কাছে আনা হয়নি। মঙ্গলবার শিশুটির নেগেটিভ রিপোর্ট আসলে শিশুটিকে মায়ের কাছে বাসায় আনা হয়। 

শিশুটির বাবা মো. সেলিম মিয়া জানান, হাসপাতালে আমরা দুজনই চাকরী করতে গিয়ে সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। এতদিন খুবই আতংকে ছিলাম। আল্লাহ রহমত করেছেন আমাদেরকে। বিশেষ করে আমার মেয়ে শিশু রোশনীর আক্রান্তে আমরা দুজনই চিন্তিত ছিলাম। তার মা শিশুকে কাছে পেয়ে ভীষণ খুশী হয়েছেন। ১২ দিন পর শিশুটি বুকের দুধ খেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত