স্ত্রী ও সন্তানসহ ১৩ স্বজনের নাম ওএমএস তালিকায় অন্তর্ভুক্তের অভিযোগে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. শাহ আলমের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা ওএমএস কমিটির সভায় তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ৮৪ সচ্ছল ব্যক্তি এবং দ্বৈত নাম, এক ঘরের দুজনের নাম ও ঠিকানা খুঁজে না পাওয়া এমন আরও সাতজনসহ মোট ৯১ জনের নামও ওএমএস তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হয়। জেলা ওএমএস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সভায় সভাপতিত্ব করেন।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ শাহ আলমের বিরুদ্ধে তার স্ত্রী, কন্যাসহ পরিবারের ১৩ সদস্যের নাম ওএমএস সুবিধাভোগীর তালিকায় রাখার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ১০ মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ফেইসবুকে সমালোচনা হলে সারা দেশে তোলপাড় শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা ওএমএস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান দ্রুত ব্যবস্থা নিয়ে তদন্তের নির্দেশ দেন। এক দিনের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলে। গত ১১ মে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীর সুপারিশে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ডিলার ও আওয়ামী লীগ নেতা শাহ আলমকে কেন ডিলার তালিকা থেকে বাদ দেওয়া হবে না মর্মে ব্যাখ্যা তলব করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী আওয়ামী লীগ নেতা শাহ আলমের ডিলারশিপ বাতিল হওয়ার বিষয়টি জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘কারণে দর্শানোর নোটিসে সন্তোষজনক জবাব না থাকায় মো. শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়।’
অন্যদিকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান দেশ রূপান্তরকে বলেন, ‘ওএমএস কমিটির বৈঠকে ডিলার শাহ আলমের জবাব সন্তোষজনক না হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই আমরা ব্যবস্থা নিতে শুরু করি।’
ওএমএস কমিটির বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘কারণ দর্শানোর নোটিসের জবাবে মো. শাহ আলম তালিকায় তার স্ত্রীর নাম থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তবে অন্য স্বজনরা গরিব বলে তিনি উল্লেখ করেন। আর স্থানীয় সংশ্লিষ্টরা এসব নাম তালিকায় উঠিয়েছেন বলেও তিনি দাবি করেন।’
