বরিশাল মাগুরায় বিক্ষোভ মানববন্ধন

শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি

আপডেট : ১৪ মে ২০২০, ০৮:১২ এএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা। সাধারণ শিক্ষার্থীরা ওই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি হয়।

বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারী করোনার সময়ে সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি। এসব শিক্ষার্থী টিউশনি করতে পারছে না অথচ মেস ভাড়া দিতে হচ্ছে। এই মেস ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। এই মুহূর্তে শিক্ষার্থীদের ওপর নতুন করে বোঝা চাপানো যাবে না।

সরকারের অনলাইন ক্লাস করার বিষয়ে মনীষা বলেন, এখন পর্যন্ত সারা দেশের শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধায় আসেনি। পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে মাগুরায় শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-টিউশনসহ অন্যান্য ফি, অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ও মেস ভাড়া মওকুফ এবং সবার জন্য পর্যাপ্ত ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ক্লাস না নেওয়াসহ তিন দফা দাবিতে গতকাল শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত