জেলার শিবচরের কুতুবপুরে কালাম ঘরামী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ
বৃহস্পতিবার ভোরে কুতুবপুরের ফালু মাদবর কান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালাম ঘরামীর পরিবারের লোকজনের দাবি, জমিজমা বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই হারুন ঘরামী রাতে ডেকে নিয়ে হত্যা করেছে কালাম ঘরামীকে।
নিহত কালাম ঘরামী কুতুবপুরের ফালু মাদবর কান্দি গ্রামের নুরু ঘরামীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় কালাম ঘরামীকে তারই চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। বেশ কয়েক ঘণ্টা ছেলে ঘরে না ফেরায় সাহরির সময় হারুন ঘরামীর কাছে কালাম ঘরামীর কোথায় আছে জানতে চাইলে হারুন কথা এড়িয়ে যান।
বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি বাগানে কালাম ঘরামীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমাজমি নিয়ে তার তার ভাতিজা হারুন ঘরামীর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গতকাল রাত সাড়ে ১১টার সময় আমার ভাতিজা হারুন ঘরামী আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ঘরে ফেরেনি। সকালে বাড়ির পাশের বাগানে লাশ দেখে প্রতিবেশীরা আমায় খবর দিয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পরিবার ও এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরত হাল রিপোর্ট করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
