মহামারীতে ফেরা পুরনো অভ্যাস

আপডেট : ১৫ মে ২০২০, ১২:৩৪ এএম

সংক্রামক রোগের বিস্তার রোধে বহু বছর ধরেই বিশেষজ্ঞরা মাস্কের ব্যবহার করতে বলে আসছেন। মাঞ্চুরিয়া প্লেগের সময় মহামারী নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপকরণ হিসেবে মাস্কের ব্যবহার শুরু হয়। এরপর থেকে বিভিন্ন ক্ষেত্রে মাস্ক ব্যবহার হয়ে আসছে। এখন বিশ্বব্যাপী সরকারগুলো নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে সেই আগের মতো মাস্কের ব্যবহার শুরু করেছে।

ওষুধের ইতিহাসবিষয়ক বিশেষজ্ঞ উইলিয়াম সামার্সের মতে, একজন অসুস্থ ব্যক্তির স্পর্শ থেকে অন্যজন আক্রান্ত হওয়ার বিষয়টি ১৫০০ সালেও ছিল। কিন্তু ১৮০০ সালের মাঝামাঝিতে বিজ্ঞানীরা ক্ষুদ্র জীবাণু চিহ্নিত করতে সক্ষম হন এবং তখন থেকেই ‘জীবাণুতত্ত্বের’ সূচনা। এর আগ পর্যন্ত মাস্ককে মহামারী নিয়ন্ত্রণের উপকরণের চেয়ে শয়তানি প্রভাব তাড়ানোর বস্তু বলে মনে করা হতো।

১৮৯০ সালের দিকে বিশ্বব্যাপী প্লেগ ছড়িয়ে পড়ায় মাস্কের গণব্যবহার শুরু হয়। ১৯১০ সালে মাঞ্চুরিয়া প্লেগের শুরু হয়। তখন রাশিয়া, জাপান ও চীন যৌথভাবে ওই মহামারী নিয়ন্ত্রণে কাজ করেছিল। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা নৃতত্ত্বের গবেষক ক্রিস্টোস লিনটেরিসের মতে, মাঞ্চুরিয়া প্লেগে কেউ আক্রান্ত হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হতো। অথচ তখন মনে করা হয়েছিল, ইঁদুর থেকে শুরু ওই প্লেগে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যরা আক্রান্ত হচ্ছে। অনেকটা দেরিতে তৎকালীন সময়ে বিজ্ঞানীরা ধরতে পারেন যে, ওটা বায়ুবাহিত হয়ে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হতে পারে। ফলে আক্রান্তদের পাশাপাশি সুস্থদেরও মাস্ক পরতে হবে, এমন অবস্থায় দাঁড়ায় পরিস্থিতি।

২০০৩ সালে সার্স ভাইরাস মহামারীর সময় হংকংয়ের মতো অঞ্চলে মাস্ক নিত্যদিনকার উপাদানে পরিণত হয়।  তবে এর আগে ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রে মহামারীর সময় ব্যাপক মাত্রায় মাস্ক ব্যবহার করতে দেখা যায়। তখন ইউরোপে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। গবেষক রিনটেরিস মনে করেন, ইউরোপের মানুষ খুব জলদিই নিজেদের মাস্ক পরার ইতিহাস ভুলে গেছে।

মধ্যযুগে মিয়াসমা নামক ভাইরাস থেকে বাঁচতে ইউরোপের চিকিৎসকরা পাখির ঠোঁটের মতো মাস্ক ব্যবহার করত। তখন অবশ্য চিকিৎসকরা মনে করতেন, বাজে গন্ধের কারণে মানুষ ফ্লুতে আক্রান্ত হয়ে পড়েন। ১৮০০ সাল পর্যন্ত এমনটাই ভাবতেন ইউরোপের চিকিৎসকরা। কিন্তু ফ্রান্সের লুইস পাস্তার, জার্মানির রবার্ট কচ ও আরও অনেক চিকিৎসকের হাত ধরে ভাইরাসের সংক্রমণ ও মাস্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানতে পারেন মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত