মাদারীপুরের শিবচরে তরুণকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামী খুন করেছে স্ত্রীকে। এছাড়া গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাশিক্ষার্থীর ভাসমান এবং ঝালকাঠির রাজাপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
মাদারীপুর : শিবচরের কুতুবপুরে কালাম ঘরামী নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে কুতুবপুরের ফালু মাদবরকান্দি গ্রামে নিহতের বাড়ির পাশের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালাম ঘরামীর পরিবারের লোকজনের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই হারুন ঘরামী রাতে ডেকে নিয়ে হত্যা করেছে কালাম ঘরামীকে। শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁদপুর : ফরিদগঞ্জ উপজেলায় বিদেশফেরত স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে গৃদকালিন্দিয়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত হন স্ত্রী তানজিনা আক্তার রিতু। এ ঘটনায় স্বামী আল মামুন মোহনকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ মিতু কলেজে পড়াশোনা করতেন।
গাজীপুর : শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া এলাকায় গত মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র রাসেলের (১৬) মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। রাসেল বরমী ছিটপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং বরমী মধ্যপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
ঝালকাঠি : অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় বরিশাল-মঠবাড়িয়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
