বিল থেকে কেটে ধানের বোঝা বহন করে বাড়ি ফেরার পথে নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে রবিউল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার কৈলাটী ইউনিয়নে পাইপুকরিয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। রবিউল একই গ্রামের আদম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল তাদের বাড়ির সামনের বিলে ধান কাটতে যায়। বিকেলে কাটা ধানের বোঝা নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রবিউল ঢলে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি রবিউলকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আবদুল ওহাব বজ্রপাতে রবিউলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রপাতে মঞ্জিল সরদার (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত বয়ান সরদারের ছেলে।
মাগুরা বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মঞ্জিল সরদার দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড শব্দে কয়েকটি বজ্রপাত ঘটে। এ সময় মঞ্জিল সরদার বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
তাড়াশ থানার ওসি মাহবুব আলম বলেন, দুঃখজনক ঘটনাটি লোক মারফত শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।
