ত্রাণের দাবিতে লকডাউন ভেঙে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মহীন মোটর শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাইফুল ইসলাম, সাজু মিয়া, লোকমান হোসেন ও জয়নাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর দিন থেকেই কর্মহীন হয়ে পড়েছি। কারণ সেদিন থেকেই বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ সবধরনের মোটরগাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে করে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। অনেককেই ঋণ করে সংসার চালাতে হচ্ছে। মানববন্ধন শেষে মোটরশ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
