বিজ্ঞান দিয়ে নয়, রাজনীতি দিয়ে করোনা মোকাবিলা করছে যুক্তরাষ্ট্র- দেশটিতে চাকরিচ্যুত এক স্বাস্থ্য কর্মকর্তা মার্কিন কংগ্রেসকে এই কথা জানিয়েছেন।
বিবিসি জানায়, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে সরকারি স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন রিক ব্রাইট, কিন্তু তাকে গত মাসে তার পদ থেকে অপসারণ করা হয়।
তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত পরামর্শ অনুযায়ী চিকিৎসা করার বিষয়ে মানুষকে সতর্ক করাতেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে ট্রাম্প তাকে 'অসন্তুষ্ট কর্মী' হিসেবে অভিহিত করে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যদের নিয়ে তৈরি স্বাস্থ্য বিষয়ক সাব কমিটির সামনে এক বক্তব্যে রিক ব্রাইট বলেন, প্রাদুর্ভাবের শুরুর দিকে সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় 'বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, উপকরণের ঘাটতির কথা জানিয়ে জানুয়ারিতে তিনি সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাননি।
কংগ্রেসের বরাদ্দ করা অর্থ প্রতিষেধক বা অন্য প্রযুক্তি, যেগুলোর সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেগুলোর পেছনে ব্যয় না করে বৈজ্ঞানিকভাবে সমর্থিত প্রক্রিয়ার উন্নয়নে খরচ করা প্রয়োজন বলে মত দেয়ার কারণে তাকে তার পদ থেকে অপসারণ করা হয় বলে অভিযোগ রিক ব্রাইটের।
তিনি বলেন, আমি তখনও বলেছি এবং এখনও তার পুনরাবৃত্তি করছি, কারণ এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেয়া উচিত বিজ্ঞানের, রাজনীতির নয়।
বক্তব্য দেয়ার সময় রিক ব্রাইট সতর্ক করেন যে, করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের কাজ করার সুযোগ দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারি তাহলে এই মহামারি আরো খারাপ পর্যায়ে যাবে এবং দীর্ঘায়িত হবে।
মার্কিন এই সাবেক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নিখুঁত পরিকল্পনা না করা হলে ২০২০ এর শীতকাল হতে পারে সাম্প্রতিক সময়ের ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীত।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, চব্বিশ ঘণ্টায় দেড় হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট মৃত্যু ৮৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ১৪ লাখ। বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যার তালিকায় শীর্ষে আছে দেশটি।
