রাজধানীতে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

আপডেট : ১৬ মে ২০২০, ০৬:২৬ এএম

রাজধানীর খিলগাঁও ও বনানীতে পুলিশ এবং র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে এসব ঘটনা ঘটে বলে দাবি বাহিনী দুটির। পুলিশ বলছে, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় বন্দুকযুদ্ধে নিহত বিল্লাল ওরফে চাপাতি সাগর (২৯) হত্যা ও ছিনতাইসহ ২০ মামলার আসামি। অন্যদিকে র‌্যাবের ভাষ্য, বনানীর কড়াইলে বন্দুকযুদ্ধে নিহত আবদুল জলিল (৪৫) মাদক কারবারি ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ বুধবার গভীর রাতে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, খোঁজ নিয়ে জানা যায়, নিহত যুবকের নাম বিল্লাল ওরফে চাপাতি সাগর। তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। থাকতেন যাত্রাবাড়ী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এদিকে র‌্যাব-১-এর কর্মকর্তারা জানান, বুধবার গভীর রাতে মাদক ব্যবসার খবর পেয়ে র‌্যাবের একটি টিম বনানীর টিঅ্যান্ডটি কলোনির বটতলা এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আটকের চেষ্ট করলে তারা গুলি  ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি করে। এতে ঘটনাস্থলে জলিল নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, জলিল চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত