কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে যাত্রীদের স্রোত অব্যাহত

আপডেট : ১৬ মে ২০২০, ১২:২৭ পিএম

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকেই ঘাটের উভয় পাড়ে ভিড় করেছেন যাত্রীরা।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। সামাজিক দূরত্ব না মেনেই যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়।

তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারে সাতটি ফেরি সীমিত আকারে চলাচল করতো।

তিনি জানান, যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন চালু রয়েছে ১২ থেকে ১৪টি ফেরি।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন।

সাত কিলোমিটারের এই নৌ-রুটে ছোট বড় যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপও রয়েছে।

ঢাকা থেকে যেমনি যাত্রীরা আসছেন, একইভাবে কাঁঠালবাড়ি ঘাট হয়ে অনেক যাত্রী ঢাকা ছুটছেন। তাদের অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টসে কর্মরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত