ঝিনাইদহের মহেশপুর উপজেলার বদ্দিপুর গ্রামে রত্না খাতুন (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রত্না খাতুন ওই গ্রামের রমজান আলির স্ত্রী।
মহেশপুরের যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম জানান, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন রত্না। মধ্যরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি এখনও ।
উল্লেখ্য, নিহতের স্বামী রমজান আলী একটি মামলায় জেলহাজতে আছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
