গুগলের বিরুদ্ধে ফের ‘বিশ্বাসভঙ্গের’ মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ১৬ মে ২০২০, ১২:৩৬ পিএম

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। ব্যবহারকারীর ‘আস্থা নষ্ট করে’ ব্যক্তিগত তথ্যের ‘অপব্যবহার’ করার পুরোনো অভিযোগ তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, গুগল তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টেক্কা দিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিভাবে কাজে লাগায় সে বিষয়ে তদন্ত শুরু হতে পারে।

ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এবং ৫০ জন অ্যাটর্নি জেনারেল গত বছর জানিয়েছিল, অনলাইন দুনিয়ায় প্রভাব বিস্তার করতে গুগল কিভাবে ব্যবসা করছে সেটি তারা খতিয়ে দেখতে চান।

এই অভিযোগে কয়েক বছর আগে ইউরোপীয় ইউনিয়নে গুগল কয়েক লাখ ডলার জরিমানা দেয়। কিন্তু ওই সময় ওয়াশিংটনে তাদের বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ হয়ে যায়।

মামলার নতুন খবরে গুগল জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

‘আমরা বিচারবিভাগের সঙ্গে সম্পৃক্ত থেকে তদন্তে সাহায্য করছি। এ বিষয়ে এখন আমাদের কাছে কোনো আপডেট কিংবা মন্তব্য নেই।’

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের পাশাপাশি ফেইসবুকের বিরুদ্ধেও আবার তদন্ত শুরু হয়েছে।

অনলাইনে বিজ্ঞাপন সংক্রান্ত ব্যবসা টিকিয়ে রাখতে গুগল এবং ফেইসবুকের মতো প্রতিষ্ঠান ব্যবহারকারীর লোকেশন, ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত কথোপকথন ব্যবহার করে বলে অভিযোগ অনেক আগে থেকে। এ বিষয়ে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে প্রতিষ্ঠানগুলো নানা ধরনের ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনলেও মুক্তি মিলছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত