নভেল করোনাভাইরাসের যুগে চেহারা দেখে মানুষ শনাক্ত করা বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বেশ জটিলতায় পড়েছে। যেসব থার্ডপার্টি প্রতিষ্ঠান এভাবে অনলাইনে মানুষ শনাক্ত করে অন্য কোম্পানির চাহিদা মেটায় তারা এই সমস্যা মোকাবিলা করতে নতুন নতুন প্রযুক্তি আনার চেষ্টা করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেট জানিয়েছে, কয়েকটি কোম্পানি চোখ এবং গলার অস্থি দেখে মানুষ শনাক্ত করার চেষ্টা করছে।
ফেইসবুকের বাইরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি চীনে বেশি ব্যবহৃত হয়। লন্ডনের কয়েকটি এলাকায়ও এটি আছে। সেখানকার কিং ক্রস কমপ্লেক্সের গ্রানারি স্কয়ার এলাকায় পা রাখলেই আপনার সব তথ্য প্রশাসন জানতে পারে। সিসিটিভি ক্যামেরায় আপনার ছবি দেখে অনলাইনের বায়োমেট্রিক ডেটা কিংবা ফেইসবুকের প্রোফাইলের তথ্য চোখের পলকে তাদের হাতে চলে যায়।
বিশ্বের আরও অনেক দেশে এই প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ার কথা ছিল গত কয়েক মাসে। কিন্তু করোনার কারণে সেটি হয়নি। এখন মাস্কের ব্যবহার যেভাবে বেড়েছে তাতে কবে হবে, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অ্যাপল তাদের আইওএস ফোনের জন্য সফটওয়্যার ইতিমধ্যে আপডেট করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাস্ক পরা থাকলেও তাদের প্রযুক্তি কাজ করবে।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি গোয়েন্দাদের জন্য যেমন দরকারি, তেমনি অনেকে এর মাধ্যমে ফোন লক-আনলক করেন।
যেভাবে কাজ করে এই প্রযুক্তি: ফেসিয়াল রিকগনিশন হচ্ছে একটি বায়োমেট্রিক পদ্ধতি। চেহারার মাধ্যমে মানুষকে শনাক্ত করতে মূলত এটি কাজ করে। এর কর্মপদ্ধতি বোঝার জন্য ফেইসবুকের উদাহরণ দেওয়া যেতে পারে। আপনার বন্ধু তালিকার বাইরে থেকেও কেউ যদি আপনার ছবি পোস্ট দেয়, তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসে। ছবিতে আপনার মুখের ওপর একটি বক্স আঁকা থাকে।
ফেইসবুকের কেন্দ্রীয় সার্ভারে আপনার সব ছবি সংরক্ষিত থাকে। ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ টুল ব্যবহার করে আপনার চেহারা বিশ্লেষণ করে বিভিন্ন ডেটা রেখে দিয়েছে ফেইসবুক। যেখানেই আপনার ছবি আসুক না কেন, তারা সেটি ধরতে পারে। এসব তারা করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে। এখন বিভিন্ন দেশের সরকার রাস্তায় রাস্তায় ফেসিয়াল রিকগনিশনে সক্ষম ক্যামেরা বসাচ্ছে।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ক্ষেত্রে মাস্ক এতদিন বাধা হিসেবে কাজ করতো। এজন্যই বিভিন্ন এটিএম বুথে মাস্ক পরে প্রবেশ করতে দেয়া হয় না।
সাফার নামের একটি ফেসিয়াল রিকগনিশন কোম্পানির ডিরেক্টর এরিক এ বিষয়ে সিনেটকে বলেন, ‘মাস্ক চেহারার অনেক ডেটা আটকে ফেলে। বিশেষ করে ভ্রু লাইন পর্যন্ত পরলে এমনটি হয়।’
‘কিছু কিছু কোম্পানি এখন নতুন অ্যালগরিদম তৈরি করছে। যাতে ভ্রু লাইন পর্যন্ত চোখ দেখেই মানুষকে শনাক্ত করা যায়। চোখে চশমা থাকলেও এভাবে শনাক্ত করা সম্ভব।’
