ঘুড়ির চীনা মাঞ্জা সুতোয় প্রাণ গেল যুবকের

আপডেট : ১৭ মে ২০২০, ১০:৪৮ এএম

উৎসবের ঘুড়ির বাড়াবাড়ি প্রাণ কেড়ে নিতে পারে মানুষের। ঘুড়ির ধারালো মাঞ্জা সুতোয় গলা কেটে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক যুবকের।

শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মা ফ্লাইওভারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

সংবাদ প্রতিদিন জানায়, খিদিরপুরের বাসিন্দা ৪০ বছর বয়সী আফতার খান শনিবার মোটরসাইকেলে চড়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে কোনো বিশেষ কাজে যাচ্ছিলেন।

করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় ফাঁকা ছিল ফ্লাইওভার। একটু বেশিই ছিল আফতারের মোটরসাইকেলের গতি। আর তাতেই ঘটল বিপত্তি।

কিছু বুঝে ওঠার আগেই চীনা মাঞ্জা সুতোয় মারাত্মকভাবে কেটে যায় তার গলা। শুরু হয় রক্তপাত। সেই অবস্থাতেই প্রবল মানসিক জোর নিয়ে গাড়ি চালিয়ে নিজের এলাকায় পৌঁছান তিনি।

এলাকায় প্রবেশের সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

কাঁচের কণা মিশ্রিত চীনা মাঞ্জা সুতোয় প্রাণহানি এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। বিপদ এড়াতে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছিল প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও এড়ানো গেল না বিপদ।

সুস্থ শরীরে ঘর থেকে বেরিয়েছিলেন আফতার। কিন্তু রাস্তায় যে মৃত্যু অপেক্ষারত তা ভাবতে পারেননি কেউ। এমন অস্বাভাবিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত