লকডাউন শিথিল হওয়ায় খোলা জায়গায় ঈদের নামাজ পড়তে পারবে ইরানের নাগরিকেরা। রবিবার দেশটির করোনা প্রতিরোধ কমিটি এই ঘোষণা দিয়েছে।
আলজাজিরা জানায়, ইরানের সব শহরেই খোলা জায়গায় ঈদের নামাজ পড়া যাবে। এর আগে নিয়মিত জামাতের অনুমতি দেয়া হয়েছিল।
দেশটির করোনা প্রতিরোধ কমিটি জানায়, সব শহরে ঈদের নামাজের অনুমতি দেয়া হলেও জামাতের জন্য এমন জায়গা বেছে নেয়া যাবে না যেখানে প্রচুর মানুষের ভীড় হয়। জায়গা সংকুলান হয় না এমন জায়গায় ঈদের নামাজ পড়া যাবে না।
কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, রমজানের পরে সব রেস্তোরাঁ খোলা রাখা যাবে। তবে এর জন্য মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা প্রতিরোধে দেশের পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলায় আরও জোর দিতে হবে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত এক লাখ ১৮ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৯৩৭ জন। তবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে দেশটি তথ্য গোপন করছে বলে আন্তর্জাতিক মহলের অভিযোগ।
