১২ বছর সংসারের পর ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

আপডেট : ১৭ মে ২০২০, ১০:৪৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের স্মরণী কান্ত মহন্তের মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়। বিয়ের ১২ বছর পর যৌতুকের ৫০ হাজার টাকার জন্য স্বামীর কাছে জীবন দিতে হলো তাকে। ঘাতক স্বামীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

দুই সন্তানের জননী স্মরণী কান্ত মহন্ত ফুলবাড়ী উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের মুকুল চন্দ্র মহন্তের মেয়ে। একই উপজেলার পার্শ্ববর্তী মাদিলাহাট চিন্তামন মাহালিপাড়ার গোপাল চন্দ্র মহন্তের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মহন্তের সাথে বিয়ে হয় তার।

নিহতের পরিবার জানায়, শনিবার রাত ১টার দিকে নিজ বাড়িতে যৌতুকের টাকার দাবিতে স্বামী গৌরাঙ্গ চন্দ্র মহন্ত অমানুষিক নির্যাতন করে স্ত্রী স্মরণী কান্ত মহন্তের ওপর। নির্যাতনের এক পর্যায়ে স্মরণী কান্ত মহন্ত মৃত্যুবরণ করেন।

ঘটনাটি জানাজানি হলে রবিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, আটকের সময় গৌরাঙ্গ চন্দ্র মহন্ত যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করে হত্যার কথা স্বীকার করেছে।

মেয়েকে হত্যার দায়ে নিহত স্মরণী কান্ত মহন্তের বাবা মুকুল চন্দ্র মহন্ত ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত