আশুলিয়ায় জমি দখল ও মারধরসহ হত্যাচেষ্টার অভিযোগে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী কামরুজ্জামান নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃত আকবর মৃধা আশুলিয়া জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে।
মামলার এজাহার সূত্র ও ভুক্তভোগী কামরুজ্জামান জানান, আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় আমার ৩৫ শতাংশ জমি আকবর মৃধা পেশী শক্তি দিয়ে জবরদখলের চেষ্টা করে। আকবর মৃধা ও তার অজ্ঞাত ৭/৮ জন সহযোগী সম্পত্তির বাউন্ডারি ওয়াল ভাংচুর করে প্রবেশ করে। সে সময় আমার কেয়ারটেকার আবু তাহেরকে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে তারা। এ ঘটনায় গত ১১ মে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আকবর মৃধা আমাকে এবং আমার কেয়ারটেকারকে দেখে নেয়ার হুমকি দিতে থাকে।
তিনি জানান, এ দিকে রবিবার সকালে ৯টার দিকে আকবর মৃধা তার সহযোগীসহ জমিতে দা, লাঠি, ছোরা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে জমিতে নির্মাণ সামগ্রী নিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে আমি বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমার কেয়ারটেকারকে মারধর করে জখম করে এবং তার গলা টিপে ধরে তাকে হত্যাচেষ্টা চালায়। এ সময় আমাদের চিৎকারে এলাকাবাসী চলে এলে তাদের কবল থেকে আমরা প্রাণে রক্ষা পাই। এ ছাড়া জমিতে আবার আমাদের পেলে প্রাণে মেরে ফেলার প্রকাশ্য হুমকি দিয়েছে আকবর মৃধা।
এ বিষয়ে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসুস্থ্য বলে লাইন কেটে দেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দীপু জানান, অবৈধভাবে ও জোর করে জমি দখলসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আকবর মৃধাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আকবর মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
