রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়েছে। জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল রবিবার মোট ছয়টি মামলার শুনানি হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইব্রাহীম হোসেন প্রতিটি শুনানিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষে বক্তব্য উপস্থাপন করেন। শুনানি হওয়া ছয়টি মামলার মধ্যে তিনটি মামলায় পাঁচ আসামি জামিন পান।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে হাজতিদের জামিন শুনানির জন্য আদালতে ভার্চুয়াল কোর্ট চালু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তি করার নির্দেশনা আসে সুপ্রিম কোর্ট থেকে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আদালতের আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত ই-মেইল আইডিতে জরুরি জামিন আবেদন, সংশ্লিষ্ট কাগজ এবং ওকালতনামা (সংশ্লিষ্ট আইনজীবীর সদস্য নম্বর, ই-মেইল ও মোবাইল নম্বর) স্ক্যান করে সফট কপি ভার্চুয়াল আদালতে দাখিল করতে হবে। আদালতের তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০-এর ক্ষমতাবলে সুপ্রিমকোর্টের জারি করা ‘বিশেষ প্র্যাকটিস নির্দেশনা’ অনুসারে এই কোর্ট গঠন করার নির্দেশনা আসে।
