দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী এসআলম গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ তাদের পরিবারের ৬ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত রির্পোটে আসার পরই নগর পুলিশ সুগন্ধা এক নম্বর সড়কে তাদের পরিবারের ভবনটি লকডাউন করে দেয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চমেক ল্যাবে রবিবার ১৩০ নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৩১ জন ও উপজেলার ২ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়।
নগরীর ৩১ জনের মধ্যে সুগন্ধা আবাসিক এলাকার ৬ বাসিন্দার করোনা রিপোর্ট পজিটিভ বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই, এসআলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, এসআলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম ও ওসমান গণি।
এ ছাড়া ৩৬ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন ওই ভবনের। তবে তিনি এসআলম পরিবারের সদস্য কিনা জানা যায়নি।
তাদের পরিবারের এক স্বজন জানিয়েছেন, করোনাভাইরাসে সংক্রমিত ছয়জনই বাসায় আইসোলেশনে আছেন।
এ দিকে এসআলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন নিশ্চিত করেছেন, এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন, তারা সুস্থ আছেন।
