প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্রাজিলে। আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে চলে এসেছে দেশটি।
এখন পর্যন্ত ব্রাজিলে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ২০০ এর অধিক ব্যক্তি।
পরিস্থিতি মোকাবিলা নিয়ে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে মত বিরোধে কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। গত মাসের মাঝামাঝি একই কারণে আগের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এর মধ্যেও সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বলসোনারো। এমন কি শিশুদের সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছেন তিনি।
রয়টার্স জানায়, রবিবার তিনি তিনজন শিশুর সঙ্গে সেলফি তোলেন। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে লকডাউন বিরোধী সমবেত সমর্থকদের থেকে ওই তিন শিশুকে কাছে টেনে নেন তিনি।
এক অনলাইনে ভিডিওতে বলসোনারো জানান, সমবেতদের স্বাগত জানিয়েছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, মানুষ স্বাধীনতা চায়, গণতন্ত্র চায়।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার রাত পর্যন্ত একদিনেই প্রায় ৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন মারা যান ৪৮৫ জন ব্যক্তি।
