সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলকা এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মঙ্গলবার ভোরে সয়াবিন তেলবাহী একটি ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী। নিহতদের ৩ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন।
ঘটনাস্থলে নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার (৪০), তার স্ত্রী নুরজাহান বেগম(২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোহেল রানা(২২)। হাসপাতালে নিহত নারীর নাম জানা যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ভোগ্য সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন ট্রাক যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় ৩জন। এরা সবাই ওই ট্রাকের যাত্রী।
ওসি খায়রুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে বাস-কোচ চলাচল বন্ধ থাকায় তারা ঈদ উপলক্ষে ওই ট্রাকে চেপে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ওই ট্রাকের হেলপার ও চালক পালিয়ে গেছে। এ দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের চেষ্টায় তা স্বাভাবিক হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর অজ্ঞাতপরিচয়ের এক নারী মারা গেছেন। এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
